গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসাধীন এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা।
স্থানীয় সূত্র জানায়, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে চাচা পান্না বিশ্বাসের সঙ্গে রাসেলের পরিবারের দ্বন্দ্ব চলছিল। এর জেরে গতকাল বৃহস্পতিবার রাতে পান্নার লোকজন রাসেলকে মারধর করেন।
পরে আজ সকালে আহত অবস্থায় রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে, হাসপাতালে ভর্তির পরও পান্নার লোকজন সেখানে গিয়ে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর চাচা পান্না বিশ্বাসের লোকজন গতকাল রাতে রাসেলকে মারধর করেন। পরে আজ সকালে হাসপাতালে নেওয়ার পর শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস মিলে চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেন।
অভিযোগের বিষয়ে পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার দাস প্রথম আলোকে বলেন, সকালে বর্ষাপাড়া এলাকা থেকে রাসেল নামের এক রোগী চিকিৎসা নিতে আসেন। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত হাসপাতালে ঢুকে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কোটালীপাড়া থানার উপপরিদর্শক সুব্রত মালো বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



































