চৌমুহনীর ঘটনায় একজনের স্বীকারোক্তি, নতুন গ্রেপ্তার ৮


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৪:৪৪ পিএম
চৌমুহনীর ঘটনায় একজনের স্বীকারোক্তি, নতুন গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি এ ঘটনার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

এর আগে সোমবার (২৫ অক্টোবর) রাতে কমলকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সাঈদীন নাঁহীর আদালতে তোলা হয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় কমলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

এসপি মো. শহীদুল ইসলাম জানান, জবানবন্দিতে কমল চৌমুহনীর সাম্প্রদায়িক হামলার উস্কানিদাতা হিসেবে বিএনপি নেতা বরকত উল্লা বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতারা সম্পৃক্ততার তথ্য দিয়েছেন। কমল নিজেও কুমিল্লার ঘটনার পর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও উস্কানিমূলক পোস্ট দেয়। এই ঘটনায় রোববার (২৪ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৫ অক্টোবর) তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

এদিকে চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নতুন করে আরও আট জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এসপি মো. শহীদুল ইসলাম। এদের মধ্যে তিনজন বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ঘটনার দিন লুণ্ঠিত হওয়া ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন, বিএনপিকর্মী ইউছুফ, হাতিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক ছেরাজুল হক বেচু, করিমপুর এলাকার ইমরান হোসেন নিশান, রনি, হাজীপুর এলাকার আক্তারুজ্জামান, সোনাইমুড়ী রশিদপুর গ্রামের রবিউল হোসেন ও লক্ষ্মীপুর সদরের সাহেদুল ইসলাম।

এসপি জানান, গ্রেপ্তারকৃত ইমরান হোসেন নিশান প্রাথমিক জিজ্ঞাসাবাদে চৌমুহনীর সম্প্রদায়িক সহিংসতায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিশান জানিয়েছে, সে হামলার দিন চৌমুহনী ব্যাংক রোডের রামঠাকুর মন্দির থেকে এক লাখ ৩৫ হাজার টাকা লুট করে এবং অন্যদের সঙ্গে ভাগবাটোয়ারা করে নিয়ে যায়।

কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন পাওয়াকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ভাঙচুরের পাশাপাশি চালানো হয় লুটপাট। এ ঘটনায় সেদিন প্রাণ হারান দুজন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!