মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামে মোবাইল গেমস ‘পাবজি’ খেলাকে কেন্দ্র করে রাজু আহমেদ (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় আলিফ (১৬) নামে আরেক কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ অক্টোবর) ভোররাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজু।
নিহত রাজু উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল এলাকার মোসলেম মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল। আটক আলিফ (১৬) একই গ্রামের রাজু কোরাইশীর ছেলে।
সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাবজি গেম খেলা নিয়ে রাজু ও আলিফের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালিগঙ্গা নদীর পাড়ে কাশবনের ভেতরে নিয়ে রাজুকে ইট দিয়ে আঘাত করে চলে যায় আলিফ। পরে রাজুর চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যায় রাজু।
মো. রেজাউল হক আরো জানান, আজ সকালে রাজুর মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা আলিফের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে আলিফকে আটক করে থানায় নিয়ে আসে।





































