সিলেট

পূজামণ্ডপে ইটপাটকেল নিক্ষেপ, বাড়িতে হামলা


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৫:১৫ পিএম
পূজামণ্ডপে ইটপাটকেল নিক্ষেপ, বাড়িতে হামলা

সিলেটে মদিনা মার্কেটস্থ কালীবাড়ি হালদারপাড়া এলাকায় দুটি পূজামণ্ডপে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। মণ্ডপের স্বেচ্ছাসেবকরা তাৎক্ষণিক প্রতিহত করার কারণে প্রতিমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় দুইজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন বলে জানা গেছে। আইনজীবীর বাড়িতেও এ সময় হামলা চালানো হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) বেলা ২টার কিছু পরে ভাটিবাংলা অগ্রদূত যুব সংঘের পূজামণ্ডপ ও উদীয়মান ভাটিবাংলা পূজামণ্ডপে ইটপাটকেল নিক্ষেপের এ ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে বলেও খবর পাওয়া গেছে।

ভাটিবাংলা অগ্রদূত যুব সংঘের স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক স্বপন বর্মণ বলেন, জুমার নামাজ শেষে ৩০০ থেকে ৪০০ জনের একটি মিছিল মদিনা মার্কেট থেকে কালীবাড়ির দিকে এগোতে থাকলে কালীবাড়ি এলাকায় পুলিশ বাধা দেয়। তখন তারা পুলিশের বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে আসে। তাদের সামনে মোটরসাইকেলে আরও কিছু লোক ছিল। মণ্ডপে তখন নারীরা সিঁদুর খেলছিলেন। আর আমরা বিসর্জনের প্রস্তুতি নিচ্ছিলাম। মিছিলকারীরা মণ্ডপের কাছাকাছি আসার পর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তবে আমরা বাধা দেওয়ায় তারা মণ্ডপের ভেতরে ঢুকতে পারেনি। এ সময় কাছাকাছি চলা উদীয়মান ভাটিবাংলা যুব সংঘের পূজামণ্ডপেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

হামলাকারীদের ইটপাটকেলে দুইজন আহত হয়েছেন জানিয়ে স্বপন বর্মণ বলেন, এখন এলাকার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা আইনজীবী দেবাঞ্জন ভট্টাচার্য জানান, মণ্ডপে ইটপাটকেল নিক্ষেপ করে ফিরে যাওয়ার সময় তার বাসায় ভাঙচুর চালিয়েছে হামলাকারীরা। তিনি বলেন, দুপুরে হঠাৎ করে মোটরসাইকেলে করে কিছু লোক আমার বাসায় ঢিল ছুড়তে শুরু করে। এতে বাসার জানালার কাচ ও ভেন্টিলেটর ভেঙে গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, একটি মসজিদ থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মণ্ডপে ইটপাটকেল নিক্ষেপ করা হলে মণ্ডপ থেকেও প্রতিহত করা হয়। তবে প্রতিমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন পরিস্থিতি শান্ত আছে। প্রতিমা বিসর্জনের জন্য ট্রাকে তুলে দেওয়া হয়েছে।

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরিফ অবমাননার কথিত অভিযোগে কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা-ভাঙচুর চলছে। এর জেরে শুক্রবার জুমার নামাজের পর সিলেটের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। নগরের কোর্ট পয়েন্ট এলাকায় সমাবেশও করেছে বিক্ষোভকারীরা।

Link copied!