অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না পাবনার বীর মুক্তিযোদ্ধা ইশারত আলী জিন্নাহ। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে নিজ বাড়িতেই শয্যাশায়ী।
ইশারত আলী জিন্নাহ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। মুক্তিযুদ্ধকালীন ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে যুদ্ধে অংশগ্রহণ করেন।
পারিবারিক ভাবে জানা যায়, দেশের বিভিন্ন জায়গায় অসুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসা ভাতা বরাদ্দ করা হলেও ইশারত আলী এখন পর্যন্ত কোনো আর্থিক সহায়তা পাননি। তার স্ত্রী রাজেদা আক্তার বলেন, “ধীরে ধীরে আমার স্বামী মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। সরকার থেকে মাসিক যে অনুদান (ভাতা) পেয়ে থাকেন সেটা দিয়ে সংসার খরচই চলে না। আমরা পরিবারসহ মানবেতর জীবনযাপন করছি।”
জাসদের পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা জানান, ইশারত আলী প্রখ্যাত ছাত্রনেতা ছিলেন। দেশের বিত্তশালী হৃদয়বান মানুষদের বীর মুক্তিযোদ্ধা ইশারতের জন্য আর্থিক সহযোগিতা করার আহবান জানান তিনি।
পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন বলেন, “ইশারত খুবই অসহায় অবস্থায় শয্যাশায়ী হয়ে আছেন। আমরা নিয়মিত তার খোঁজখবর নিচ্ছি। সার্বিকভাবে আর্থিক সহায়তা করার চেষ্টা করা হবে।”
পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, বীর মুক্তিযোদ্ধা ইশারতকে এর আগে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছিল। সেটা এখনো অব্যাহত রয়েছে। বাৎসরিক অনুদানের বরাদ্দ আসলে তার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।
বীর মুক্তিযোদ্ধা ইশারত আলী জিন্নাহ বলেন, দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছি। ছাত্র সংসদের জিএস নির্বাচিত হয়ে ক্যাস্পাস কাঁপিয়েছিলাম। কিন্তু এখন আমি বড় অসহায়। তার পাশে দাঁড়াতে বিত্তশালীদের আহবান জানান তিনি।



































