• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০১:৫৯ পিএম
চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পাবনার চাঞ্চল্যকর বিল্লাল মিশরী হত্যার রহস্য উদঘাটন করে করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের মূল আসামি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি নেতা মো. আবুলসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং নিহতের চুরি যাওয়া মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানীর আশুলিয়া থানা থেকে মো. আবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

সুপার মহিবুল ইসলাম খান জানান, বিল্লাল মিশরী হত্যার ঘটনায় চরমপন্থি সংশ্লিষ্টতার বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিল্লাল মিশরী হত্যাকাণ্ডের মূল আসামি চরমপন্থি নেতা মো. আবুল ওরফে আবুকে (২৫) গ্রেপ্তার করে।

আবুর স্বীকারোক্তির ভিত্তিতে তার হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর আবু হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভারটি সুমন আলী (২০) নামের এক সহযোগীর নিকট রেখেছিল। এ সময় ভিকটিমের চুরি যাওয়া মোটরসাইকেলও আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়। আবু পাবনা সদর উপজেলার হলুদবাড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে এবং সুমন একই এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, বিল্লাল মিশরী এক সময় আবুলের সাথে একই চরমপন্থি দলের সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের কিছুদিন আগে সে দল ত্যাগ করে নতুন দল গঠনের চেষ্টা করছিলো। এতে ক্ষুব্ধ হয়ে আবু তার সহযোগীদের নিয়ে বিল্লালকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

চলতি বছরের ২৭ জুন রাতে আতাইকুলা থানার চরপাড়ায় সর্বহারার শ্লোগান দিয়ে বিল্লালকে গুলি করে হত্যা করে মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায় এবং মৃতদেহ গুম করার চেষ্টা করে হত্যাকারীরা।

Link copied!