ঢাকার কেরানীগঞ্জে বেদে সেজে ইয়াবা পাচারকালে ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এদিকে কক্সবাজারে দেড় কোটি টাকার ইয়াবাসহ ৪ জন আটক করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা
জেলার কেরানীগঞ্জে বেদে সেজে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ১৯ হাজার ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো মো. আকাশ (২৪), মো. সবুজ মাল (৩৪), মো. কালামানিক (৩১), মো. সাইফুল ইসলাম (৪৬), মো. হেদায়েতুল্লাহ (২৮) ও মো. সবুজ (২৫)।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পলাশপুর ঢাকা-মাওয়া হাইওয়ে রোডের পাশের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ জানতে পারে, অভিনব কায়দায় ভাসমান বেদে দলের ছদ্মবেশ ধারণ করে ইয়াবা পাচার হচ্ছে। পরে বেদে ছদ্মবেশধারীদের দেখে তাদেরকে সন্দেহজনকভাবে তল্লাশি করলে তাদের কাছে থাকা চুলার ভেতর থেকে ১৯ হাজার ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এসময় ছদ্মবেশধারী ৬ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এছাড়া আটকদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
কক্সবাজার
টেকনাফে- ২ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় পাচার কাজে জড়িত চারজনকে আটক করা হয়। ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সকাল সাড়ে ৯টার দিকে ২ বিজিবির অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপােস্টে একটি টহলদল নিয়মিত যানবাহন তল্লাশির কার্যক্রম পরিচালনা করছিল। এসময় টেকনাফ হতে কক্সবাজারগামী ৪ জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে গাড়ি থেকে নামানো হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।




































