সুনামগঞ্জে মা ও দুই ছেলে বিষপান করেছিল। মায়ের মৃত্যুর পর এবার ছেলে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃত ছেলের নাম রবিউল মিয়া (৫)। সে জেলার শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামের জেলে শামসুল হকের ছেলে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এরআগে সোমবার (৪ অক্টোবর) দুপুরে সিলেট যাওয়ার পথে শিশু রবিউল মিয়ার মা আঁখি আক্তারের মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলে শামসুল হক হাওরে মাছ ধরে সংসার চালান। কিন্তু পরিবারের চাহিদাপূরণ করতে না পারার কারণে স্ত্রীর সঙ্গে সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকত। সোমবার সকালে শামসুল হক হাওরে মাছ ধরতে যাওয়ার পর তার স্ত্রী আঁখি আক্তার তার দুই ছেলে সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫) কীটনাশক বিষপান করেন।
এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মা ও দুই ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওইদিন দুপুরে সিলেট যাওয়ার পথে গৃহবধূ আঁখি আক্তারের মৃত্যু হয়। আজ দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউলের মৃত্যু হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষপানে আঁখি আক্তারের মৃত্যুর পর তার ছোট ছেলে রবিউল মিয়ার মারা গেছে জানতে পেরেছি। তাদের এই ঘটনাটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে তদন্ত চলছে।






































