• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

৩ মাস পর মৃত্যুহীন সিলেট বিভাগ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৩:৪৫ পিএম
৩ মাস পর মৃত্যুহীন সিলেট বিভাগ

দীর্ঘ ৯৬ দিন পর মৃত্যুহীন দিন দেখল সিলেট। শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মহামারি করোনায় কোনো প্রাণহানি হয়নি। তবে এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৭ জনের।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

এর আগে সর্বশেষ গত ১১ জুন মৃত্যুহীন দিন দেখেছিল সিলেট। এরপর পেরিয়ে গেছে ৯৬ দিন। প্রতিদিন কেউ না কেউ এই মহামারির ছোবলে প্রাণ হারিয়েছেন। অবশেষে আজ মিলেছে মৃত্যুহীন দিনের সুখবর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে এ বিভাগে মোট মৃতের সংখ্যা আগের মতোই ১ হাজার ১৩৭।

এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৪ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৪৬ জন। বাকি মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২, মৌলভীবাজারের ৭২ ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৪ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭, মৌলভীবাজারের ১৩ ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন। ৮৪৫ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। শনাক্তের হার ৫ দশমিক ৫৬ ভাগ।

সব মিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ১৩২। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৭৫৩ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৩২৬। এছাড়া সুনামগঞ্জে ৬ হাজার ২১৭, মৌলভীবাজারে ৭ হাজার ৯৯৮ ও হবিগঞ্জের ৬ হাজার ৫৯১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬০ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ১৫১। আর ১০৬ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Link copied!