কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ ইব্রাহিম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কোটবাজার স্টেশনে অরজিন হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইব্রাহিম উখিয়ার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার মৃত সাব্বির আহমদের ছেলে।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল কোটবাজার অরজিন হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে কৌশলে আটক করা হয়।
এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরও জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


































