নৌকা ভ্রমণের নামে চলছে অশ্লীলতা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৬:৪৪ পিএম
নৌকা ভ্রমণের নামে চলছে অশ্লীলতা

নাটোর সিংড়া চলনবিলে নৌকা ভ্রমণের নামে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ। এতে ক্ষুব্ধ চলনবিলে ঘুরতে আসা ভ্রমণ পিপাসু ও পর্যটকরা।

সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায়, চলনবিলে ভ্রমণ নৌকায় অশ্লীল পোশাকে নাচছেন নর্তকীসহ হিজড়ারা। আর এদের সঙ্গে নৌকায় নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে নাচছেন কিশোর-যুবকরা।

খোঁজ নিয়ে জানা যায়, এসব নর্তকী ও হিজড়াদের বিভিন্ন এলাকা থেকে টাকা দিয়ে ভাড়া করে অবৈধ কর্মকাণ্ড চালায় ভ্রমণে আসা যুবকরা। নর্তকী ও হিজড়া থাকা নৌকাগুলোর বেশিরভাগ অংশই ছাউনি দেওয়া। আর দিনে নাচের মাধ্যমে আনন্দ দিলেও রাতে ঘটছে অসামাজিক কার্যকলাপ। বর্ষা মৌসুমে প্রতিদিনই ছোট-বড় অসংখ্য ভ্রমণ নৌকা চলে নদীতে। কিন্তু নৌকা ভ্রমণের নামে নদীতে বাজানো হয় অতিরিক্ত শব্দে গান-বাজনা। হিন্দি ও ডিজে গানের তালে তালে চলে অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন।

পরিবেশকর্মী সোহেল আহমেদ জীবন জানান, দিনে নৃত্যের মাধ্যমে আনন্দ দিলেও রাতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় অনেকেই। যেকোনো সময় যৌন নিপীড়ন, নৌকাডুবি, হানাহানিসহ নানান অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।

সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা বলেন, চলনবিলে নৌকা ভ্রমণের নামে অশ্লীলতায় ডুবছে যুব সমাজ। ফলে অভিভাবকরা উঠতি বয়সের সন্তানদের ভবিষ্যৎ ও নৈতিক অবক্ষয় নিয়ে চরম উদ্বিগ্ন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তাৎক্ষণাত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, চলনবিলে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।
 

Link copied!