ব্যাংকের সিঁড়িতে চোখে মরিচের গুঁড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টা


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৭:৫০ পিএম
ব্যাংকের সিঁড়িতে চোখে মরিচের গুঁড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টা

বরিশালে ব্যাংকের সিঁড়িতে এক গ্রাহকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে আটক করেছেন জনতা।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে নগরীর সদর রোডের অগ্রণী ব্যাংক শাখার সিঁড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে তারা।

আটক যুবকের নাম জমি ডোম (৩৫)। তিনি নগরীর কাউনিয়া সুইপার কলোনির বাদল ডোমের ছেলে। ঘটনার সময় তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী পালিয়ে গেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।

নগরীর চাঁদমারী এলাকার আমিনুল ইসলাম পলাশ অগ্রণী ব্যাংকের ওই শাখা থেকে পাঁচ লাখ টাকা উত্তোলন করে সিঁড়ি দিয়ে নামছিলেন।

আমিনুল ইসলাম জানান, ব্যাংকের সিঁড়ি থেকে নামার সময় তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সঙ্গে থাকা পাঁচ লাখ টাকার একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জনি।

এ সময় তিনি এক হাত দিয়ে ব্যাগ আঁকড়ে ধরেন এবং আরেক হাত দিয়ে জনি ডোমকে ধরে ডাক চিৎকার দেন। ব্যাংকের অন্যান্য গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গিয়ে পলাশকে রক্ষা করে এবং জনিকে ব্যাংকের ভেতরে নিয়ে আটকে রাখে।

খবর পেয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

অগ্রণী ব্যাংক সদর রোড শাখার সিনিয়র অফিসার সমর রঞ্জন দর্জি জানান, ছিনতাই চেষ্টার ঘটনাটি ব্যাংকের মধ্যে নয়, ব্যাংকের সিঁড়িতে ঘটেছে। এ সময় অন্যান্যরা তাকে ধরে ফেলেন। পরে তাকে পুলশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। একই সঙ্গে তার অপর দুই সহযোগীকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Link copied!