নাটোরের লালপুরে আব্দুলপুর জংশন স্টেশনে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন আব্দুলপুর জংশনে পৌঁছালে হঠাৎ করে লোকোমোটিভে আগুন লাগে। পরে ইঞ্জিনের ভেতরে থাকা অগ্নিনির্বাপক সামগ্রী দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়।
আব্দুলপুর জংশনের ম্যানেজার জানান, ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের তেমন কোনো ক্ষতি হয়নি। চাকার ঘর্ষণেই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে এলে যথারীতি ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান আব্দুলপুর জংশনের ম্যানেজার।
এদিকে পাকশি বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাকশীর আওতাধীন রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনটি রাতে আবদুল্লাহপুর জংশন স্টেশনে পৌঁছানোর পরই হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষণিক কর্মচারী ও ট্রেনে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
পাকশি বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদূল ইসলাম জানান, ঈশ্বরদী লোকোসেড থেকে রিলিফ ট্রেন একটি ইঞ্জিন নিয়ে কমিউটার এক্সপ্রেস ট্রেনটিকে নিয়ে যায়।
তবে কোন নাশকতা, নাকি ইঞ্জিনে ক্রুটি থাকার কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পাকশি রেলওয়ে বিভাগ।
ঘটনার পর রাতেই পাকশি বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মিজানুর রহমান জোয়াদ্দারকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক কার্যদিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



































