‘আর লকডাউন দরকার নেই’


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৫:৩৫ পিএম
‘আর লকডাউন দরকার নেই’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে আবারও লকডাউন দেওয়া উচিত হবে না।”

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জিএম কাদের এসব কথা বলেন।

তবুও সরকার যদি লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে দেশের দুই কোটি দরিদ্র পরিবারকে দশ হাজার করে টাকা অনুদান দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

জাপা নেতা বলেন, দেশে করোনা ভ্যাকসিন নিয়ে বর্তমানে বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে। এদিকে সরকার দেশের ব্যাপক উন্নয়ন করছে, কিন্তু সেই উন্নয়ন যাদের জন্য সেই জনগণ যদি বেঁচে না থাকে তা হলে সব অনর্থক হবে। তাই সবার আগে দেশের সকল নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।

জিএম কাদের বলেন, “দেশে প্রায় দুই কোটি দরিদ্র ও কর্মহারা পরিবারের জন্য ২০ হাজার কোটি টাকা অনুদানের ব্যবস্থা করে লকডাউন দেওয়া হলে হয়তো তখন কিছুটা কাজে আসবে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহিদার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের স্থানীয়দের বলেন, “আপনারা যে দল করেন না কেন উন্নয়নের ক্ষেত্রে সকলকেই এক থাকতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন জেলা জাপার সদস্য সচিব জাহিদ হাসান লিমন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান আলী, সহকারী প্রকৌশলী আবু সাঈদ আকন্দ, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, প্রধান শিক্ষক রুহুল আমীন দুদু, উপজেলা জাপার আহ্বায়ক নজরুল ইসলাম। 

Link copied!