নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকার হুমায়রা আক্তার (৮) নামের এক শিশু শিক্ষার্থী হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সেলিম ওরফে উদয় ও শুক্কুর আলী।
এর আগে গত ২৯ জুলাই শুক্রবার নিহতের মা সেতেরা বেগম এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
এর আগে ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে বৃহস্পতিবার গ্রেপ্তার ওই শিশুর ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে আদালতে পাঠিয়েছে সোনারগাঁ থানা-পুলিশ।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী হুমায়রা আক্তার ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে তার বাবা ওই দিন সন্ধ্যায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর ২৮ জুলাই সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠবাগানে মাটি চাপা দেওয়া অবস্থায় একটি শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।









![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)







