সুপার সাব গাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে ব্রাজিল।
শুরুতে পিছিয়ে পড়লেও হিউস্টনে জয়ের হাসি হেসেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলের জয়ে বড় ভূমিকা কাসেমিরো ও মার্তিনেল্লির। ২৯ মিনিটে কাইশু সানোর গোলে জাপান এগিয়ে গেলেও কাসেমিরোর ৫৬ মিনিটের গোলে সমতায় ফেরে ব্রাজিল।
ম্যাচটা যখন অতিরিক্ত ৩০ মিনিটের দিকে যাচ্ছিল, তখনই জ্বলে ওঠেন বদলি নামা মার্তিনেল্লি। গিমারেসের স্কয়ার পাসে তার প্লেসিং পোস্টে চুমু খেয়ে জালে জড়ালে শেষ হয়ে যায় জাপানের প্রথমবারের মতো নকআউট পর্বে জয়ের স্বপ্ন।
রোমাঞ্চকর জয়ে ব্রাজিল এখন নকআউট পর্বের পরের ধাপে। ৫ জুলাই নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ জানা যাবে আগামীকাল। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচের বিজয়ীরা খেলবে ব্রাজিলের বিপক্ষে।
এই ম্যাচে নেইমারকে মাঠে নামাননি কোচ আনচেলত্তি। পুরো ম্যাচেই ক্যামেরা বারবার খুঁজে ফিরেছে তাকে। কিছু সময় সাইডলাইনে গা গরমও করেছিলেন তিনি। বোঝা যাচ্ছিল এখনো পুরোপুরি ফিট নন, হাঁটছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। শেষ পর্যন্ত অবশ্য তাকে নামানোর প্রয়োজন পড়েনি। মার্তিনেল্লির জয়সূচক গোল নেইমারকে দিয়েছে আরও কিছুদিন বিশ্রামের সুযোগ।

































