জিয়াউর রহমান আরও ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছাত: মির্জা ফখরুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৩:৩৫ পিএম
জিয়াউর রহমান আরও ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছাত: মির্জা ফখরুল

দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তাঁর। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠত এবং সমাজে এত নেতিবাচকতা তৈরি হতো না।”

আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শিরোনামের এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেসক্লাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বার্থে সবাইকে জিয়াউর রহমানকে স্মরণ করার আহ্বান জানিয়ে বলেন, পরবর্তী প্রজন্মকে জিয়ার আদর্শ ও অবদান সম্পর্কে বিস্তারিত অবগত করতে হবে এবং এখনই সুযোগ এসেছে আবার জিয়াকে গভীরভাবে স্মরণ করার।

গণমাধ্যমের প্রসঙ্গ টেনে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায়। গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলো তাঁর কাছে অবহিত করা দরকার।” একই সঙ্গে চাটুকারিতার সংস্কৃতি থেকে গণমাধ্যমকে টেনে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

 

Link copied!