দুইদিন বিরতির পর আবারও দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। শনিবার (২২ জুলাই) ঢাকাসহ দেশের ৫ জেলায় তাপপ্রবাহ শুরু হয় বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
রোববার (২৩ জুলাই) আবহাওয়া বিভাগ জানিয়েছে, তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টি হতে পারে।
শ্রাবণ মাস চললেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তায় সারাদেশে বৃষ্টির প্রবণতা খুবই কম। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কিছুটা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। দেশের বেশিরভাগ অঞ্চলই বৃষ্টিহীন।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার এবং ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী তিন দিনে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

































