দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দল।
শনিবার (১৫ জুলাই) বেলা ১২টায় হোটেল শেরাটনে বৈঠকটি শুরু হয়েছে।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে মোট ৯ জন সদস্য ইইউর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। অন্যরা হলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, লে. কর্নেল (অব.) ফারুক খান, রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, ডা. শাম্মী আহমেদ, ডা. সেলিম মাহসুদ, মোহাম্মদ এ আরাফাত ও তারানা হালিম।
এর আগে এদিন সকালে বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। দুপুরে জামায়াতে ইসলামীর সঙ্গেও ইইউ প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে।
৮ জুলাই থেকে এই সফর শুরু করেছে ইইউ প্রতিনিধিদলটি, যা চলবে ২৩ জুলাই পর্যন্ত।

































