উন্নয়ন-অগ্রগতির জন্য স্থিতিশীল পরিবেশ প্রয়োজন : প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৩, ০৭:৫০ পিএম
উন্নয়ন-অগ্রগতির জন্য স্থিতিশীল পরিবেশ প্রয়োজন : প্রধানমন্ত্রী

উন্নয়ন-অগ্রগতির জন্য গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা চায়। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে।”

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজ বাংলাদেশকে উন্নত করতে পেরেছি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকত, তাহলে এটা কখনো অর্জন করা সম্ভব হতো না। আমাদের এ গণতান্ত্রিক ধারাটা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল। এটা সবাইকে মাথায় রাখতে হবে।”

তিনি বলেন, “২০০৯ সালে সরকার গঠনের পর থেকে আমরা যে একটানা সরকারে থাকতে পেরেছি, পাশাপাশি আমাদের গণতান্ত্রিক ধারাটা মজবুত করতে পেরেছি বলেই কিন্তু আজ পার্লামেন্ট ভবন না সারা দেশটাই বদলে গেছে।”

সংসদের নতুন অফিসের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “স্মার্ট বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছি, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট অফিস দরকার। সংসদের এ অফিসটা স্মার্ট অফিস হিসেবে তৈরি হয়েছে। কাজ করার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার। সুন্দর পরিবেশে সবাই কাজ করলে কাজের গতিও বাড়ে, কাজের উৎকর্ষ সাধন হয়। ভালো পরিবেশে ভালো চিন্তা হয়।”

জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার নিচতলা সংস্কার করে জাতীয় সংসদ সচিবালয়ের নতুন কার্যালয় তৈরি করা হয়েছে। অনুষ্ঠানস্থলে পৌঁছে ফিতা কেটে নতুন এ কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি অফিসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীসহ মন্ত্রিপরিষদ সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইফ, হুইফরা। এ সময় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!