যোগাযোগ খাতে সরকারের সাফল্য সব মহলে প্রশংসিত : প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২২, ২০২৩, ১০:৫৩ এএম
যোগাযোগ খাতে সরকারের সাফল্য সব মহলে প্রশংসিত : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার যোগাযোগ খাতের প্রতিশ্রুতি বাস্তবায়নে যে সাফল্যের স্বাক্ষর রেখেছে, তা এখন সব মহলে স্বীকৃত ও প্রশংসিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ জুন) সংসদে সরকারি দলের সদস্য নুর উদ্দীন চৌধুরীর টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েছে সেতু বিভাগ। এর মধ্যে রয়েছে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, ঢাকা শহরে ২৫৮ কিলোমিটার সাবওয়ে নির্মাণ, ৮৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা ইনার এলিভেটেড সার্কুলার রোড নির্মাণ, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর সড়কে মেঘনা নদীর ওপর প্রায় ২ দশমিক ২৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ, বরিশাল-ভোলা সড়কে তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর ১০ দশমিক ৪৯ কিলোমিটার সেতু নির্মাণ, বরিশাল জেলায় রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি হিজলা-মেহেন্দিগঞ্জ সড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর ১ দশমিক ৫৯ কিলোমিটার সেতু নির্মাণ, বরিশাল ও পটুয়াখালী জেলার বাকেরগঞ্জ-বাউফল সড়কে কারখানা নদীর ওপর ১ দশমিক ৮৮ কিলোমিটার সেতু নির্মাণ, শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর ৮ কিলোমিটার সেতু বা টানেল নির্মাণ।

শেখ হাসিনা জানান, পটুয়াখালী জেলায় লেবুখালী-দুমকী-বগা-দশমিনা-গলাচিপা-আমড়াগাছি সড়কে গলাচিপা নদীর ওপর ১ দশমিক ৫৮ কিলোমিটার সেতু নির্মাণ, পটুয়াখালী জেলায় পটুয়াখালী-আমতলী-বরগুনা সড়কে পায়রা নদীর ওপর ২ দশমিক ৪৮ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ, বরগুনা জেলার বরগুনা-পাথরঘাটা সড়কে বিষখালী নদীর ওপর ২ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ, মতলব উত্তর-গজারিয়া সড়কে মেঘনা নদীর ওপর ১ দশমিক ৮৫ কিলোমিটার সেতু নির্মাণ এবং গজারিয়া-মুন্সিগঞ্জ সড়কে মেঘনা নদীর ওপর ২ দশমিক ৩০ কিলোমিটার সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পতিত জমি চাষাবাদের উদ্যোগ গ্রহণ করার ফলে প্রায় ৫৫ হাজার হেক্টর পতিত জমি চাষাবাদের আওতায় এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়নের ফলে ধান, ভুট্টা, আলু, সবজি ও ফলসহ অন্যান্য ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ বিশ্বে চাল উৎপাদনে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে। এছাড়া ২২টি কৃষি পণ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। করোনার অভিঘাত মোকাবিলায় দেশের কৃষি খাত অগ্রণী ভূমিকা রেখেছে। বর্তমান সংকট মোকাবিলায় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সচেষ্ট রয়েছে সরকার।

 

Link copied!