প্রেস কাউন্সিল পদক-২০২১ পেলেন যারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৫:৩৭ পিএম
প্রেস কাউন্সিল পদক-২০২১ পেলেন যারা

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২১ প্রদান করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবন অডিটরিয়ামে এক অনুষ্ঠানে পদকগুলো তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

প্রয়াত সাংবাদিক হাসান শাহরিয়ারকে প্রেস কাউন্সিলের আজীবন সম্মাননা পদক (মরণোত্তর), দৈনিক জনকণ্ঠ পত্রিকাকে প্রাতিষ্ঠানিক সম্মাননা, চট্টগ্রামের দৈনিক পূর্বকোণকে আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা, গ্রামীণ সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের সাবেক সিনিয়র সাংবাদিক নিজামুল হক বিপুল, উন্নয়ন সাংবাদিকতায় দি নিউজ টুডের সিনিয়র সাংবাদিক মাযহারুল ইসলাম মিচেল, নারী সাংবাদিকতায় দি ডেইলি অবজারভারের বনানী মল্লিক ও ফটোসাংবাদিকতায় বাংলা ট্রিবিউন অনলাইন পত্রিকার মো. সাজ্জাদ হোসেনের হাতে পদক তুলে দেওয়া হয়।

পুরস্কার প্রদানের আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংবাদকর্মী, সংবাদপত্র এবং পাঠকসমাজের অধিকার রক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, “প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী করতে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সচিব মো. মকবুল হোসেন, প্রেস কাউন্সিলের সদস্য সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক নেতা সৈয়দ ইশতিয়াক রেজা।

Link copied!