বিএনপি ১০ ডিসেম্বর ঢাকা দখল করতে চেয়েছিল, কিন্তু তাদের সে স্বপ্ন চুরমার হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শনিবার (১০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।
মায়া জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পাড়া-মহল্লায় জনগণের জানমাল রক্ষা করার জন্য তারা কাজ করছেন। কারণ, বিএনপির অভ্যাস খারাপ, দুষ্টু লোকদের সভা শেষ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তাই ঢাকা শহরের প্রতিটি অলিগলি ও রাস্তায়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাজার হাজার কর্মী পাহারাদার হিসেবে রয়েছেন।
আজ খালেদা জিয়া সরকার দখল করবে উল্লেখ করে মায়া বলেন, “এই পরিকল্পনা নিয়ে তারা সন্ত্রাসী কায়দায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে তাদের এই ষড়যন্ত্র ভেস্তে গেছে, নস্যাৎ হয়ে গেছে। তারা জানে না আওয়ামী লীগের সরকার কচু পাতার পানি নয়। এই সরকারকে হটানো মাজাভাঙা বিএনপির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।”
মোফাজ্জল হোসেন আরও বলেন, “গতকাল রাতে বিএনপি মঞ্চ করতেও কোনো লোক পায়নি। আন্দোলনের নামে সারা ঢাকা শহরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল বিএনপি। নয়াপল্টনে ১০ লাখ লোক জড়ো করতে চেয়েছিল, সেটা সফল হয়নি। সরকারের কাছে অনুমতি চেয়েছিল বিএনপি, অনুমতি পেয়েছে। শান্তিপূর্ণ সমাবেশ হলে আমরা সহযোগিতা করব।”















