আগামী ৭২ ঘণ্টায় নদীসমূহ বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে এসব এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
আজ রবিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।
পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে সারিগোয়াইন, সোমেশ্বরী ও কংস নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে এবং যাদুকাটা ও ভুগাই নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। এসব নদীর পানি সমতল আগামী ৭২ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এ ছাড়া উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। যা আগামী দুই দিন হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।

































