গ্রাম বা শহরে এমন ঘর বাড়ি খুঁজে পাওয়া দায়, যেখানে ইঁদুরের বসবাস নেই। ছোট্ট এই প্রাণী মানব সভ্যতার বহু আগ থেকেই রয়েছে। এই প্রাণীর বিচরণে সমাজে নেতিবাচক প্রভাবই বেশি পড়েছে। বিশ্বজুড়ে মহামারী প্লেগ রোগ ছড়িয়ে পড়েছে এই ইদুরের কারণেই। বিনষ্ট হয়েছে ফসল, আসবাবপত্রও। তথ্য প্রযুক্তির আধুনিকায়ন হলেও ইঁদুরের উপদ্রব থেকে রেহাই পাওয়ার যন্ত্র খুব কমই আবিস্কার হয়েছে।
ইঁদুরের ঝঞ্জাল থেকে রেহাই পেতে এবার বেতনভুক্ত কর্মী নিয়োগ দিচ্ছে আমেরিকা। দেশটির নিউইয়র্ক শহরের বেড়ে গেছে ইঁদুরের উপদ্রব। সবকিছু তছনছ করে দিচ্ছে রীতিমতো। তাই ইঁদুর শিকারি নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটি কর্পোরেশন। এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বছরে ১ লাখ ৭০ হাজার ডলার পাবেন বলেও জানিয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় এই বেতন প্রায় ১ কোটি ৭৪ লাখ।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, গত দুই বছর আগের তুলনায় এখন ৭০ শতাংশ ইঁদুর বেড়ে গেছে। এটি থেকে মুক্তি এবং শহর পরিষ্কার প্রচেষ্টার অংশ হিসেবে নতুন ‘ইঁদুর অপসারণকারী’ নিয়োগ দিতে চায় সিটি কর্তৃপক্ষ।
সম্প্রতি এক টুইট পোস্টে চাকরির বিজ্ঞাপন দেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। মেয়র লিখেন, “আমি সবচেয়ে বেশি অপছন্দ করি ইঁদুরকে। আপনার যদি নিউইয়র্ক সিটির ইঁদুরগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় প্রেরণা, সংকল্প এবং কিলার ইনস্টিংক্ট থাকে- তাহলে আপনার জন্য ‘স্বপ্নের চাকরি’ অপেক্ষা করছে। এ বিষয়ে ‘ইঁদুর প্রশমন পরিচালক’ পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়।|
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা সরাসরি ডেপুটি মেয়র মীরা জোশির কাছে রিপোর্ট করবেন। বছরে তিনি ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার ডলার বেতন পাবেন। তবে আবেদনকারীদের অবশ্যই নিউইয়র্ক সিটির বাসিন্দাই হতে হবে। থাকতে হবে ব্যাচেলর ডিগ্রিও। আবার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টের পারদর্শিতাও চাওয়া হয়েছে।
অতিরিক্ত যোগ্যতায় বলা হয়েছে, প্রার্থীর অবশ্যই বেপরোয়া মনোভাব, ধূর্ত হাস্যরস, বখাটেপনার আভাস এবং পোকামাকড়ের প্রতি তীব্র আগ্রহ থাকতে হবে।
চাকরির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৮৮ লাখ নিউইয়র্কবাসী এবং নগর কর্তৃপক্ষ এই কাজে সর্বাত্মক সহযোগিতা করবে।



























