মার্কিন হেলিকপ্টার আরব সাগরে জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০১:৪৭ পিএম
মার্কিন হেলিকপ্টার আরব সাগরে জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ

আরব সাগরে জরুরি অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার। এ ঘটনায় চার ক্রুর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন।

ঘটনাটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেছে— এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। খবর আনাদোলু

বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (ন্যাভসেন্ট) এই তথ্য নিশ্চিত করেছে।

ন্যাভসেন্ট জানিয়েছে, বুধবার ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ (সিভিএন-৭৭)-এ নিয়োজিত একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টারের ক্রুরা আরব সাগরে জরুরি অবতরণ করেন।

ন্যাভসেন্ট আরও জানায়, জরুরি অবতরণের পেছনে শত্রুপক্ষের কোনো হামলার ইঙ্গিত পাওয়া যায়নি।

এতে আরও বলা হয়, হেলিকপ্টারটির চার ক্রুর মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ বিমানবাহী রণতরীতে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে ন্যাভসেন্ট। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Link copied!