ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের বক্তব্যকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি বলেছেন, ইরানের জনগণ বা সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তভাবে দেওয়া হবে। বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এ হুঁশিয়ারি দেন।
এর আগে ইসরাইল কাটজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রসঙ্গ টেনে বলেন, ‘মৃত্যু অবধারিত’।
তিনি আরও দাবি করেন, ইরান আলোচনার মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করছে এবং ইসরাইল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না।
তবে কোনো চুক্তির মাধ্যমে যদি সেই লক্ষ্য অর্জন করা যায়, তাহলে সেটিই ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।
কাটজের এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে এক্স পোস্টে আরাগচি বলেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত।
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা সেই নির্দেশ না মানে, তাহলে ইরান তাদের উপযুক্ত জবাব দেবে।’
আরাগচি জোর দিয়ে বলেন,‘আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালী হবে।’

































