পারমাণবিক শক্তি আরও বৃদ্ধি করতে চায় উ. কোরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১১:৪৪ এএম
পারমাণবিক শক্তি আরও বৃদ্ধি করতে চায় উ. কোরিয়া

উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিকে ‘পরিমাণগত ও গুণগত’—উভয় দিক থেকেই আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনীকে আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। 

শুক্রবার (১০ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের সম্প্রসারিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কিম জং উন বলেন, শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলাই উত্তর কোরিয়ার নিরাপত্তা ও ‘প্রকৃত শান্তি’ নিশ্চিত করার একমাত্র উপায়।

কিমের ভাষ্য অনুযায়ী, এমন একটি আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী প্রয়োজন, যা দেশের বিরুদ্ধে আসা যে কোনো ধরনের হুমকি কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও প্রতিহত করতে সক্ষম হবে।

বৈঠকে যুদ্ধ সক্ষমতা বাড়াতে সামরিক প্রযুক্তিগত অবকাঠামো আধুনিক করার পরিকল্পনাও অনুমোদন করা হয়েছে। পাশাপাশি পারমাণবিক শক্তি সম্প্রসারণ, সামরিক ঘাঁটিগুলোকে মানসম্মত, বিশেষায়িত ও আধুনিক করে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা রিকনাইস্যান্স জেনারেল ব্যুরোর ভূমিকা আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং অনুসন্ধান সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সংস্থাটির কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছে কেসিএনএ।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে আধুনিক নৌঘাঁটি নির্মাণ এবং জাহাজ নির্মাণ কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। কেসিএনএর ভাষ্য, এসব উদ্যোগ উত্তর কোরিয়ার নৌবাহিনীর মর্যাদা ও কৌশলগত ভূমিকার উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতিফলন।

Link copied!