বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ পোল্যান্ড আক্রমণের জন্য তাদের চাপ দিচ্ছে। স্থানীয় সময় রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি।
সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, ওয়াগনার গ্রুপ পোল্যান্ড আক্রমণের জন্য বেলারুশকে চাপ দিচ্ছে।
লুকাশেঙ্কো বলেন, ওয়াগনার বাহিনী আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে। তারা বলছে, আমরা পশ্চিমে যেতে চাই। আমি তাদের জিজ্ঞাসা করলাম আপনারা কেন পশ্চিমে যেতে চান? উত্তরে ওয়াগনার বলেছে, তারা পোল্যান্ডের ওয়ারশ, রেজেসোতে যেতে চাই।
এর আগে শুক্রবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বৈঠকে ইউক্রেন ও বেলারুশের প্রতিবেশী পোল্যান্ডকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন অভিযোগ করেছেন, পোল্যান্ড বেলারুশ নিয়ে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছে। তিনি বলেন, বেলারুশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী রাশিয়া পরবর্তী ব্যবস্থা নেবে। এটি সবারই জানা যে, পোল্যান্ড বেলারুশের অঞ্চল দখল করার স্বপ্ন দেখে। তবে এ ধরনের কোনো পদক্ষেপ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে রুশ প্রেসিডেন্টের এমন দাবিকে ভিত্তিহীন বলছে পোল্যান্ড।
বিশেষজ্ঞরা বলছেন, লুকাশেঙ্কো এসব কথাবার্তার মাধ্যমে পোল্যান্ডকে এক ধরনের সতর্কবার্তা দিচ্ছেন। কারণ, সম্প্রতি পোল্যান্ড তার সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করেছে। বেলারুশ বিষয়টিকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে দেখছে। পাশাপাশি ইউক্রেনকে বড় আকারের সামরিক ও অস্ত্র সহায়তা দিচ্ছে পোল্যান্ড।
বর্তমানে কয়েক হাজার ওয়াগনার সেনা বেলারুশে অবস্থান করছে। ওয়াগনারের সঙ্গে বেলারুশ সরকারের একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তিতে ওয়াগনার বাহিনী বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দেবে বলে উল্লেখ করা হয়েছে।





































