উড়ন্ত বিমানের দরজা খুললেন এক ব্যক্তি, অল্পের জন্য বেঁচে গেলেন ১৯৪ যাত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৩:৫২ পিএম
উড়ন্ত বিমানের দরজা খুললেন এক ব্যক্তি, অল্পের জন্য বেঁচে গেলেন ১৯৪ যাত্রী

দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় এশিয়ানা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ‘জরুরি দরজা’ খোলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এতে বড় কোনো বিপদে পড়তে হয়নি বিমানটিকে। তবে বেশ কিছু যাত্রী অসুস্থ হয়ে গিয়েছেন।

শুক্রবার (২৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং এর ১৯৪ জন যাত্রীই বেঁচে গিয়েছেন। বিমানবন্দরে অবতরণের পরও দরজা খোলা ছিল।

এ ঘটনায় কিছু যাত্রী অচেতন হয়ে পড়েছিলেন এবং কয়েকজনের শ্বাসকষ্ট হয়েছিল। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটি অবতরণের পর ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আকাশে থাকা অবস্থায় তিনি যখন বিমানের দরজা খুলেন তখন বিমানটি ভূপৃষ্ঠ থেকে ২৫০ মিটার উপরে ছিল। প্রায় এক ঘণ্টা পরে এটি অবতরণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, বিমানের বাম দিকে বসা যাত্রীদের সারি দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। এ সময় ফ্লাইট অ্যাটেনডেন্টরাও ওই ব্যক্তিকে থামাতে পারেনি কারণ বিমানটি তখন অবতরণ করতে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই ব্যক্তি দরজা খোলার পরে বিমান থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছিল।

যদিও সংবাদমাধ্যমগুলো ওই ব্যক্তির পরিচয় কিংবা তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত করে কোনো তথ্য দেয়নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!