যুক্তরাষ্ট্রে অতিরিক্ত মাদক সেবনে রেকর্ডসংখ্যক মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৩, ১১:১২ এএম
যুক্তরাষ্ট্রে অতিরিক্ত মাদক সেবনে রেকর্ডসংখ্যক মৃত্যু

অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে যুক্তরাষ্ট্রে গত বছর (২০২২ সালে) এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস মহামারি-পরবর্তী সময়ে মাদকদ্রব্যের ওভারডোজে এত বিপুল প্রাণহানি দেশটিতে এটাই প্রথম এবং এই সংখ্যা প্রতিবছরই বাড়ছে।

সম্প্রতি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সিডিসির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালটি ড্রাগ ওভারডোজের ফলে মৃত্যুর রেকর্ড সবচেয়ে মারাত্মক ছিল। এতে ১ লাখ ৯ হাজার ৬৮০ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ মহামারি চলাকালীন যুক্তরাষ্ট্রে ওভারডোজ মৃত্যুর সংখ্যা বেড়েছে। অতিরিক্ত মাদক সেবনে মৃত্যুর পেছনে সবচেয়ে বড় কারণ বলা হচ্ছে অপিওয়েড-জাতীয় ওষুধকে। বিশেষ করে দুই-তৃতীয়াংশ মৃত্যুর জন্য দায়ী ফেন্টানিলের মতো সিনথেটিক অপিওয়েড জাতীয় ওষুধ। অপিওয়েডের পরই মেথামফেটামিন ও কোকেন মাত্রাধিক গ্রহণে বেশি মৃত্যু হয়েছে।

নিউ হ্যাম্পশায়ার হার্ম রিডাকশন কোয়ালিশনের নির্বাহী পরিচালক লরেন ম্যাকগিনলে বলেন, “সত্যিই বলতে কি, এই সংখ্যাটা ভয়াবহ। প্রতিটি মৃত্যুই প্রতিরোধযোগ্য ছিল।”

ওয়াশিংটন পোস্ট বলছে, বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে মাদক চোরাচালান রোধে তৎপরতা বাড়িয়েছে।

১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে মাদকের ভয়াবহতা শুরু হয়। এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। এর মধ্যে ২০১৯ সালে ৭১ হাজার মারা যান মাদকে। আর ২০২০ সালে ৯০ হাজারের ওপরে এবং ২০২১ সালে ১ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে সংখ্যার দিক থেকে আগ্নেয়াস্ত্র সহিংসতা, গাড়ি দুর্ঘটনা ও ফ্লুকে ছাড়িয়ে গেছে মাদকের ওভারডোজ।

Link copied!