বাখমুত দখলে ‘গতি’ ফিরে পেয়েছে রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০৩:৪৭ পিএম
বাখমুত দখলে ‘গতি’ ফিরে পেয়েছে রাশিয়া

রাশিয়া বাখমুত শহরের কেন্দ্রে অগ্রসর হয়েছে এবং বাখমুত নদীর পশ্চিম তীর দখল করেছে। যুদ্ধে কিছুটা ‘গতি’ ফিরে পেয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (৭ এপ্রিল) ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সম্পর্কিত দৈনিক হালনাগাদ গোয়েন্দা প্রতিবেদনে এ দাবি করেছে মন্ত্রণালয়।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী খুব সম্ভবত বাখমুত শহরের কেন্দ্রে অগ্রসর হয়েছে এবং বাখমুত নদীর পশ্চিম তীর দখল করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বেইজিংয়ে সাক্ষাতের সময় ম্যাঁক্রো শিকে বলেন, “ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আন্তর্জাতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে।”

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, যদি রাশিয়া তার সব সেনা প্রত্যাহার করে নেয়, তবেই কেবল তারা শান্তি আলোচনায় অংশ নেবেন।

অন্যদিকে রাশিয়া যে অঞ্চলগুলো দখল করে নিয়েছে, ইউক্রেন যেন সেই অঞ্চলগুলোকে স্বীকৃতি দেয়, সে বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে।

এদিকে জেলেনস্কি বুধবার প্রতিবেশী দেশ পোল্যান্ড সফর করেছেন। এ সময় তিনি সেখানকার নেতাদের ইউক্রেনে যুদ্ধের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান।

তিনি দেশটি থেকে পোল্যান্ডে পালিয়ে যাওয়া শরণার্থীদের সঙ্গেও বৈঠক করেন।

জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে ইউক্রেনীয় বাহিনীর জন্য পরিস্থিতি এখনো কঠিন। কিয়েভের সেনারা রুশ বাহিনী দ্বারা বেষ্টিত হওয়ার ঝুঁকিতে পড়লে ‘পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত’ নিতে হবে।

পোল্যান্ড ইউক্রেনের প্রধান মিত্র। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, ১৫ লাখ ইউক্রেনীয় শরণার্থী পোল্যান্ডে অস্থায়ী সুরক্ষা মর্যাদা পাওয়ার জন্য নিবন্ধিত হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!