গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। এসময় তার শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ।
হারুন অর রশিদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্টেশন চত্বর থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে শিশু সন্তানসহ ওই নারী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর তার আনুমানিক দেড় বছরের মেয়ের হাতে গুরুতর জখম হয়।
শিশু সন্তানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তার নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদা জানান, শিশুটির হাত গুরুতর জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অথবা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।





































