স্ত্রী হত্যার দায়ে পুলিশের সাবেক এপিবিএন কনস্টেবল মো. মাহমুদ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৬ অক্টোবর) খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ নির্দেশ দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন।
দণ্ডপ্রাপ্ত মাহমুদ আলম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের জাবেদ আলী সরদারের ছেলে। তিনি খুলনার শিরোমণি তৃতীয় এপিবিএনের নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২ ডিসেম্বর মাহমুদ আলমের সঙ্গে ভিকটিম জোয়ানা আক্তার ঊষার বিয়ে হয়। হত্যাকাণ্ডের দুই মাস আগে আসামি খুলনা মহানগরীর যোগীপোল ৯ নম্বর ওয়ার্ড মো. মনিরুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী ঊষাকে খুলনার ওই বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে তাদের মধ্যে ঝগড়া কলহ লেগে থাকত।
২০১৯ সালের ৫ এপ্রিল ঊষাকে মারধর করলে বিষয়টি তিনি তার মাকে জানান। পরের দিন ঊষার ভাই মাহমুদের যান। সেখানে ঊষাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঊষাকে মৃত বলে ঘোষণা করেন। ওই দিনই নিহতের ভাই মাহমুদ আলম ও তার বাবা-মাকে আসামি করে থানায় মামলা করেন। একই বছরের ১৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নৃপেন পুলিশ কনস্টেবল মাহমুদ আলমকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষ্য দেন।




































