পঞ্চগড়ের বোদা উপজেলায় ইয়াবা বিক্রির সময় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।
রোববার (৩ অক্টোবর) রাতে বোদা উপজেলার চন্দনবাড়ি বলরাম হাট বাজারের পাশ থেকে তাকে আটক করা হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর সোমবার (৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
আটককৃত ইয়াবা বিক্রেতা জাহিদুল ঠাকুরগাঁওয়ের বালিয়া বগুলাডাংগী এলাকার আবদুস সাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বোদা উপজেলার চন্দনবাড়ি বলরাম হাট বাজারের পাশে অভিনব কায়দায় প্যাকেটজাত করে ইয়াবা বিক্রি করছিল জাহিদুল ও তার সহকর্মী জাহাঙ্গীর আলম। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে জাহিদুলকে আটক করা হয়। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর পালিয়ে যায়।
পলাতক জাহাঙ্গীর আলম (৪৫) ঠাকুরগাঁওয়ের রায়পুর এলাকার মৃত সিদ্দিক হোসেনের ছেলে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




































