• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

পুলিশ ফাঁড়িতে হত্যার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৩:৫৫ পিএম
পুলিশ ফাঁড়িতে হত্যার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যা মামলায় এসআই আকবরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগের গ্রহণযোগ্যতা শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করেন।

বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম এ ফজল চৌধুরী বলেন, “অভিযোগপত্র শুনানি শেষে তা গ্রহণ করেন আদালত। এ সময় মামলার বাদী ও মূল আসামি আকবরসহ পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। কেবল নোমান নামের একজন অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।”

গত বছরের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তার মৃত্যু হয়। চলতি বছরের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই (সাময়িক বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়।

অন্য অভিযুক্তরা হলেন একই ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), এসআই (সাময়িক বরখাস্ত) মো. হাসান উদ্দিন (৩২) এবং এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার কথিত সাংবাদিক আবদুল্লাহ আল নোমান (৩২)।

Link copied!