হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৩:৩৯ পিএম
হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে মহিন নামের সিএনজি চালিত এক অটোরিকশা চালককে হত্যার মামলায় দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। 

এদিকে অপর এক মাদক মামলায় একই আদালত এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার বিরাহিমপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে মোহন ও রশিদপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে তারেক। অন্যদিকে মাদক মামলায় সাজা পাওয়া ব্যক্তি হলেন টেকনাফের পানখালি এলাকার জালাল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ জুলাই রাতে রামগঞ্জ থেকে সিএনজি ভাড়া করে নিয়ে এসে লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামে চালক মহিনকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যান আসামিরা। পরে সড়কের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৮ জুলাই নিহতের বাবা সুলতান আহমেদ অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ শহরের রেহান উদ্দিন ভূঁইয়া বাড়ীর সামনে থেকে সিএনজিটি উদ্ধার করে এবং ২০১৪ সালের ১৩ জানুয়ারি মোহন ও তারেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর তাদের যাবজ্জীবন সাজা ও জরিমানা করেন।

একই আদালতে একই দিন অপর এক মাদক মামলায় গিয়াস উদ্দিন নামের একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। ২০১৮ সালের ৪ নভেম্বর টেকনাফ থেকে পেটের ভেতর করে ইয়াবা নিয়ে যাওয়ার পথে সদর উপজেলার দালালবাজার এলাকা থেকে গিয়াস উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে হাসপাতালে নিয়ে তার পেটের ভেতর থেকে ১১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন হত্যা ও মাদক মামলার রায়ের বিষয়গুলো নিশ্চিত করেন। এদিকে হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী আফরোজা ববি উচ্চ আদালতে আপিল করার কথা জানান।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!