ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০১:৩৩ পিএম
ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

পাবনার ঈশ্বরদীতে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় বিকল্প উপায়ে ঈশ্বরদী-রূপপুর প্রকল্পের নতুন রেলরুট দিয়ে ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা করেছে। এর আগে রাত পৌনে তিনটার সময় ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে লোকোসেড ইয়ার্ডে ইঞ্জিনের দুটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন—পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী রাজিব বিল্লাহ, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশিষ কুমার মূল। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম জানান, রোববার রাত আড়াইটার সময় খুলনা থেকে আসা ৭২৫ নম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার পর ঈশ্বরদী জংশন স্টেশনের লোকোসেড ইয়ার্ডে পৌনে তিনটার সময় ইঞ্জিন থেকে দুটি কোচ লাইনচ্যুত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ভোর সোয়া চারটার দিকে ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা লোকোসেড থেকে রিলিফট্রেনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনার কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত ও দুর্ঘটনাকবলিত ট্রেনের দুটি কোচের উদ্ধারকাজ শুরু করে। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে লাইনচ্যুত হওয়া দুটি বগি দুর্ঘটনাকবলিত স্থানে রেখেই বিকল্প রেললাইন অর্থাৎ ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক প্রকল্পের নতুন রেলরুট দিয়ে ওই ট্রেনের বগিগুলোকে পুনরায় ঈশ্বরদী স্টেশনে নিয়ে আসে। পরে ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে বিকল্প রেললাইন দিয়ে সুন্দরবন এক্সপ্রেস ঢাকার দিকে ছেড়ে গেছে। তবে ওই সময়ে এই রুটে কোনো যাত্রীবাহী ট্রেন না থাকার কারণে কোনো ট্রেনযাত্রীদের দুর্ভোগে পড়তে হয়নি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম জানান, রেলওয়ের উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত বগি দুটি উদ্ধার করে রেললাইন সচলের কাজ করছে। ঈশ্বরদীর সঙ্গে সারা দেশের সব ধরনের রেল-যোগাযোগ নতুন লাইন দিয়ে সচল রাখা হয়েছে।

Link copied!