নেত্রকোনায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া এবং পিকআপ চালক আবুচান। এ সময় গাড়িতে থাকা অপর একজন আহত হন।
পুলিশ জানায়, ভোরের দিকে গাছতলা থেকে মাছ বহনকারী একটি পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। বাগড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রনি ও তার চাচাতো ভাই জনি মারা যান।
গুরুতর আহত পিকআপের চালক আবুচানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “নিহত দুইজনের লাশ শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে ও অপর একটি লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর নিহতদের নিজ নিজ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।”





































