স্বাস্থ্যবিধি না মানায় দুই প্রধান শিক্ষককে শোকজ


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৭:১৩ পিএম
স্বাস্থ্যবিধি না মানায় দুই প্রধান শিক্ষককে শোকজ

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় রংপুরের দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তিন কর্মদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতির হার প্রথম দিনের তুলনায় বেড়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার পাটোয়ারিটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর সাব্দি মৌলটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের শুরুর দিন কোন প্রকার স্বাস্থ্যবিধি মানা হয়নি। বিষয়টি জেলা শিক্ষা অফিসের নজরে এলে দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

আরও জানা যায়, জেলায় এক হাজার ৪৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রথম দিন (১২ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৬৭ শতাংশ। পরদিন (১৩ সেপ্টেম্বর) তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ শতাংশে। 

এদিকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ছেলে শিক্ষার্থীর উপস্থিতি ছিল ৭৩ শতাংশ এবং মেয়ে শিক্ষার্থীর উপস্থিতি ছিল ৭৪ শতাংশ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান সিদ্দিক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর শিক্ষা বিভাগ। স্বাস্থ্যবিধি না মানায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। 

প্রতিদিনই শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে বলেও জানান তিনি।

এর আগে ১২ সেপ্টেম্বর (রোববার) থেকে মাস্ক পরে ১৯ দফা শর্তে দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। এসব শর্ত ঠিকভাবে মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করছে শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগ।

Link copied!