• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

উত্তরা গণভবনে ফুটেছে নাগলিঙ্গম ফুল


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০২:৫৩ পিএম
উত্তরা গণভবনে ফুটেছে নাগলিঙ্গম ফুল

নাটোর উত্তরা গণভবনে ফুটেছে নাগলিঙ্গম ফুল। প্রতিদিন দর্শনার্থীদের নজর কাড়ছে নাগলিঙ্গম। গাছের ডালে ডালে ফুলে ফুলে রঙিন চারপাশ। 

নাগলিঙ্গম ফুলের সৌরভে রয়েছে গোলাপ আর পদ্মের সংমিশ্রণ ঘ্রাণ। ফুলটি দেখতে সাপের মতো ফণার। এ কারণেই হয়তো এর নাম নাগলিঙ্গম। নাগলিঙ্গমের ফল হাতির প্রিয় খাবার। কোথাও কোথাও এটি ‘হাতিফল’ নামেও পরিচিত। গাছের পাশ দিয়ে গেলে এর ঘ্রাণ মানুষকে মুগ্ধ করে। নাটোরের উত্তরা গণভবনের রাজ প্রাসাদের দক্ষিণে গেলেই দেখা মিলবে এই নাগলিঙ্গমের। এ ফুল দর্শনার্থীদের নজর কাড়ছে।

জানা যায়, দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গল থেকে নাগলিঙ্গম গাছ দুইটি নিয়ে এসে রোপণ করা হয়। দুটির মধ্য একটি গাছ নষ্ট হয়ে গেছে। এই গাছটির উচ্চতা প্রায় ৫০ ফুট। ডাল-কাণ্ড বেড়ে এখন বিশাল আকার পেয়েছে।

এই গাছের ফুল ও ফলের রয়েছে ঔষধি গুণ। প্রচলিত রয়েছে, পেটের পীড়া, মুখের ব্রণ ভালো করতে নাগলিঙ্গম বেশ কাজে দেয়। ডায়রিয়ার সমস্যা হলে এই গাছের পাতার রস খেলে ভালো ফল পাওয়া যায়। নাগলিঙ্গম পাতা পিষে প্রলেপ দিলে বাত ব্যথা দূর হয়। এ গাছের বাকল ও পাতার রস খেলে অর্শ্ব, ম্যালেরিয়া রোগে উপকার পাওয়া যায়।

উত্তরা গণভবনের হিসাব সহায়ক নুর মোহাম্মদ বলেন, প্রায় দেড়শ বছর আগে রাজা প্রমোদ নাথ রায় রাজপ্রাসাদের মূল ভবনের পাশে নাগলিঙ্গম দুইটি গাছ রোপণ করেন। জেলা প্রশাসন মৃতপ্রায় অনেক গাছ বাঁচিয়ে তোলার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন।

Link copied!