ব্যাংক ডাকাতি করতে এসেছিল জঙ্গিরা


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৫:২২ পিএম
ব্যাংক ডাকাতি করতে এসেছিল জঙ্গিরা

ময়মনসিংহে ভোররাতে র‍্যাবের সঙ্গে গোলাগুলির সময় অস্ত্রসহ আটক করা হয় চার জঙ্গি সদস্যকে। তারা ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে ময়মনসিংহে আসছিলেন বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে র‍্যাব-১৪ (ময়মনসিংহ) এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন এসব কথা বলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরও বলেন, “সম্প্রতি এই জঙ্গি চক্রটি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ডাকাতি করার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে আশপাশের একটি ব্যাংক ডাকাতি করতে ময়মনসিংহে আসছিলেন। আজকের এই অভিযানে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা তাদের জঙ্গি সংশ্লিষ্টতা ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য প্রদান করেছে উল্লেখ করে ওই র‌্যাব কর্মকর্তা বলেন, “গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। এই স্তরের সদস্যরা বিভিন্ন জঙ্গি অপারেশনে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। গ্রেপ্তাররা সাংগঠনিক সিদ্ধান্তে আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতির জন্য পরিকল্পনা করছিল।”

গ্রেপ্তারদের বরাত দিয়ে খন্দকার আল মঈন আরও বলেন, “সংগঠনের বাছাইকৃত ১০-১৫ জনকে নিয়ে একটি সংঘবদ্ধ জঙ্গি দল গঠন করা হয়েছে। ইতিমধ্যে ময়মনসিংহের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, স্বর্ণালঙ্কার দোকান সম্পর্কে তথ্য সংগ্রহ করে একটি টার্গেট নির্ধারণ করেছে। জল ও স্থলপথের সমন্বয় ঘটিয়ে ঘটনাস্থলে আগমনের পরিকল্পনা করা হয়। এক্ষেত্রে পরিকল্পনায় নৌকা, মাইক্রোবাস ও বাইক ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। লুটকৃত অর্থ ময়মনসিংহের একটি এলাকার অপর একটি জঙ্গি দলের কাছে হস্তাস্তর করার পরিকল্পনা ছিল তাদের।”

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আরও বলেন, “গত ৩১ আগস্ট জামালপুরের মাদারগঞ্জের একটি আস্তানায় তারা জড়ো হয়। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী গত ১ সেপ্টেম্বর বিকেলে জামালপুরের জামতলা চর এলাকা হতে ব্রাহ্মপুত্র নদী দিয়ে ইঞ্জিন চালিত নৌকাযোগে যাত্রা শুরু করে। গোপনীয়তা বজায় রাখতে পথিমধ্যে তারা বিভিন্ন চরে যাত্রা বিরতি করে। এরপর মধ্য রাতে ব্রাহ্মপুত্র নদী দিয়ে ময়মনসিংহের খাগডহর এলাকায় পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুঁড়লে র‍্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন ময়মনসিংহের জুলহাস উদ্দিন ওরফে কাদেরী ওরফে মেহেদী (৩৪), মো আলাল ওরফে ইসহাক (৪৯), ব্রাক্ষ্মণবাড়িয়া রুবায়েত আলম ওরফে ধ্রুব (৩৪) এবং রংপুরের আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৮টি বোমা সদৃশ্য বস্তু, ৪টি ব্যাগ, দরজা ও লক ব্রেকিং বিভিন্ন সরঞ্জামাদি এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

Link copied!