রাজশাহী নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে নগরীর রাজপাড়া থানা এলাকার বন্ধ গেট নতুন বিলছিমলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. রিফাত আলী ও রায়হান হোসেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ব্রাজিল। এ নিয়ে ক্রোয়েশিয়ার সমর্থকের সঙ্গে ব্রাজিল সমর্থক আবদুল কুদ্দুসের কথা কাটাকাটি হয়। এর জেরে আবদুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে দুজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।






















