রংপুরের উন্নয়নে নৌকায় ভোট চাইলেন ডালিয়া


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০২:৫৫ পিএম
রংপুরের উন্নয়নে নৌকায় ভোট চাইলেন ডালিয়া

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, “উন্নয়নের জন্য এবারের নির্বাচনে নগরবাসীকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।”

শনিবার  (১০ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর বেতপট্টি এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

ডালিয়া বলেন, “উন্নয়ন সম্ভাবনাময় রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন করতে হলে শতবছরের একটি পরিকল্পনা দরকার। অথচ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ১০ বছর হলেও একটি মাস্টার প্লান করা সম্ভব হয়নি। তাই আমি নির্বাচিত হলে রংপুর সিটির পরিকল্পিত উন্নয়ন করে মডেল সিটি করপোরেশন হিসেবে গড়ে তুলব।”

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সহ-সভাপতি আবুল কাশেম,যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রাহেল প্রমুখ।

এদিকে দুপুরে নগরীর ২ নম্বর ওয়ার্ডেও নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।

Link copied!