ব্রাজিল সমর্থককে দিয়ে বিয়ের গেট বানালে আর্জেন্টাইন সমর্থক


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০১:১৫ পিএম
ব্রাজিল সমর্থককে দিয়ে বিয়ের গেট বানালে আর্জেন্টাইন সমর্থক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল। এরই মধ্যে শেষ ষোলর খেলা শেষ। শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। প্রিয় দলের সমর্থনে বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে পুরো বাংলাদেশ। পছন্দের দেশের প্রিয় খেলোয়াড়ের সমর্থনে নবজাতকের নাম রাখা থেকে শুরু করে ওই সব দেশের জাতীয় পতাকার রংয়ে সেতু অথবা বাড়ি রাঙিয়ে তুলছেন অনেকেই। আর এবার সেই তালিকায় যোগ হয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলার কাসেড্ডা গ্রামের বাসিন্দা সুকান্ত দে। তিনি নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে ব্রাজিল সমর্থককে দিয়েই বিয়ে বাড়ির গেইট সাজালেন আর্জেন্টিনার জাতীয় পতাকার রংয়ে।

বুধবার (৭ ডিসেম্বর) সুশান্তের গায়ে হলুদ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তার বিয়ের মূল অনুষ্ঠান। ইতোমধ্যে গেইটটি দেখতে অনেকেই ভিড় করছেন বিয়ে বাড়িতে।

সুশান্ত বলেন, “আমি মেসির ভক্ত। আর্জেন্টিনার ভক্ত। প্রতিবার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ শুরু হলে প্রিয় দল আর্জেন্টিনার জন্য ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। এবার বড় ভাইদের সঙ্গে মেসির খেলা দেখে অনেক সময় কেটেছে। হঠাৎ মনে হলো আমি আমার বিয়েতে আর্জেন্টিনার পতাকার আদলে গেইট তৈরি করবো। পরিবার এবং এলাকার বড় ভাইদের সঙ্গে আলোচনা করে অবশেষে বিয়ের গেইটটি তৈরি করালাম।”

বুধবার সকালে সুশান্তের বড় ভাই প্রশান্ত কুমার বলেন, “আমাদের পুরো পরিবার আর্জেন্টিনার ভক্ত। সুশান্ত আর্জেন্টিনার পতাকার আদলে বিয়ের গেইট তৈরির ইচ্ছার কথা জানায়। এতে আমাদের পরিবারের প্রত্যেকের সম্মতি ছিল। আজ (বুধবার) ওর গায়ে হলুদ, সবাই ওর জন্য আশীর্বাদ করবেন।”

এদিকে গেইট নির্মাতা জুবায়ের আহমেদ ব্রাজিলের অন্ধ সমর্থক। তিনি প্রথমে আর্জেন্টিনার পতাকার থিমে গেট বানাতে রাজি হননি। পরে সুনাম রক্ষায় গেইট তৈরি করে দেন। 

Link copied!