যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০২:৩৬ পিএম
যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে মোক্তার হোসেন (৩৮) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

মোক্তার হোসেন উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের রহমত উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকাল ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের সংযোগ সড়ক তেলিজুরী রাস্তার কাছে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। এরপর ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার জৈন্তাপুর মডেল থানার পুলিশকে খবর দেন। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ একদল পুলিশ নিয়ে গিয়ে তেলীজুরী রাস্তার পাশ থেকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করেন।  

পুলিশ ও এলাকাবাসীর ধারণা, মোক্তার হোসেনের সঙ্গে কারো শত্রুতা ছিল। ২০১৬ সালে মোক্তার এক শিশুর পিঠ কেটে ফেলেছিলেন। সেসময় এলাকাবাসী মোক্তারকে ধরে পুলিশে দেন। স্থানীয় আরও কয়েকজনের সঙ্গেও মোক্তারের বিরোধ রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, “আমরা লাশ উদ্ধার করেছি। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

Link copied!