মানুষ বিশ্বাস করেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে দেশের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
তিনি বলেছেন, “যারা ব্যর্থ হয়েছে, যারা আমাদের দেশের মানুষদের ব্যর্থ রাষ্ট্রে নিমজ্জিত করেছিল। আমাদের অশান্তিতে রেখেছিল, খুন, জঙ্গিবাদ, চুরি-ডাকাতি এবং যারা আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল; আজকে তারা বড় বড় কথা বলছে। আমাদের চিন্তা করতে হবে ২০০১-২০০৬ পর্যন্ত কী ছিল। তখনকার চিত্রটা দেখতে হবে।”
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ‘যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
দেশের উন্নয়ন প্রকল্পের বর্ণনা দিয়ে ফরহাদ হোসেন বলেন, “বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। এক লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে এতো বড় প্রকল্প দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর থেকে যা উৎপাদনে যাবে। সেখান থেকে প্রায় ২৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে। ভবিষ্যতে তার ক্যাপাসিটি আরও বাড়ানো সম্ভব হবে।”
শুক্রবার দুপুরে মেহেরপুর কলেজ মোড়ে আনুষ্ঠানিকভাবে সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সার্কেল সওজ, সড়কের তত্ত্ববাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল।
এতে বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী।
এছাড়াও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রায় ৬৪৩ কোটি টাকার ব্যয়ে ৫৪ কিলোমিটার রাস্তা প্রশস্থকরণ করা হবে। এর মধ্যে প্রায় ৯ কিলোমিটার রাস্তা ৪ লেন সড়কে প্রশস্থকরণ করা হবে।






















