ফেনীর সোনাগাজী উপজেলায় মুজিববর্ষে সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগ নেতার নামে মামলা করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেছেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসাইন।
একই সঙ্গে বিচারক সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামকে অভিযোগের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত নুর উদ্দিন উপজেলার চর দরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আদেশে বিচারক উল্লেখ করেন, পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণে দেখা যায় সংবাদে বর্ণিত আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন বর্তমান সরকারের আশ্রায়ণ প্রকল্পের মতো মহতি উদ্যেগে ব্যক্তিগতভাবে প্রভাব সৃষ্টি করে নিরীহ গরীব মানুষের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আত্মসাত ও প্রতারণার আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগ নেতার এমন কর্মকাণ্ড ফৌজধারী ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তিনি আগামী ৩১ আগস্টের মধ্যে পত্রিকায় প্রকাশিত ভুক্তভোগীদের বক্তব্য ও কলরেকর্ড যাচাই করে প্রতিবেদন দিতে সোনাগাজী মডেল থানার ওসিকে আদেশ দিয়েছেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশের কথা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কাগজ এখনো পাননি। কাগজ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
জানা যায়, ইউনিয়নের উত্তর চর চান্দিয়া এলাকার নুরুল আফসার নামের এক দিনমজুরের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় সংক্রান্ত চার মিনিট ৪৬ সেকেন্ডের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে নুরুল আফসারের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তাকে এলাকাছাড়া করার হুমকি দেন নুর উদ্দিন।






































