কক্সবাজার টেকনাফে পাহাড়ি ঝর্ণায় গোসলের সময় ৯ কলেজছাত্রকে রোহিঙ্গা ডাকাতরা অপহরণ করে। তবে অপহরণের এক ঘণ্টা পর মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে তাদের ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় টেকনাফের পানখালী ঢালাস্থল পাহাড়ি স্বপ্নপুরি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, “সম্ভবনাময় পর্যটনস্পট স্বপ্নপুরি নামক ঝর্ণায় অনেকে বেড়াতে আসেন। আবার অনেকে ঝর্ণায় গোসলেও নামেন। আজ সকালে স্থানীয় কলেজপড়ুয়া যুবকরা ঝর্ণায় নামেন। এসময় রোহিঙ্গা ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এতে কয়েকজন পালিয়ে আসলেও ৯জনকে ধরে রাখে। পরে মারধর করে মোবাইলফোন ও টাকা লুট করে তাদের এক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। দিন দিন রোহিঙ্গা ডাকাত দলের হাতে অপহরণের ঘটনা বাড়ছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলারও ঘটনা ঘটছে। এজন্য সেখানে পুলিশের টহল বাড়ানোর দাবি জানাচ্ছি।”
কলেজছাত্র মিজানুর রহমান জানান, কলেজ বন্ধুদের সঙ্গে পাহাড়ি স্বপ্নপুরি নামক ঝর্ণায় বেড়াতে যান তারা। সেখানে হঠাৎ অস্ত্রধারী পাহাড়ি ডাকাতরা তাদের ঘিরে ফেলে। এসময় কয়েকজন বন্ধু পালিয়ে যেতে সক্ষম হয়। আরও কয়েকজন যুবককে ঘিরে রেখেছে ডাকাত দল। বিষয়টি অভিবাকরা জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে। এক ঘণ্টা পর মোবাইলসহ টাকা লুট করে তাদের ছেড়ে দেওয়া হয় এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেয় ডাকাতরা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “ওই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”






































