খুলনার কয়রা থেকে ‘জিনের বাদশা’খ্যাত মফিজুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে খুলনা সিআইডির পরিদর্শক মোছা. মাহমুদা খাতুন।
এর আগে সোমবার (১৬ আগস্ট) কয়রা থানাধীন নাকশা এলাকার দুর্গম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন ১৭ আগস্ট তাকে আদালতে সোপর্দ করা হয়।
সিআইডি সূত্র জানায়, মফিজুল ইসলাম ও তার সহযোগীরা জিনের বাদশা, দরবেশ, নবীর বংশধর, কখনো কখনো সরকারি পদস্থ কর্মকর্তা, বিকাশ অফিসার সেজে কৌশলে নিরীহ সহজ সরল লোকদের মিথ্যা প্রলোভন দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ইত্যাদি আত্মসাৎ করে আসছিল। ২০২০ সালের ২ জুন থেকে ১২ জুন পর্যন্ত খুলনার দিঘলিয়া উপজেলার এস এম জাহাঙ্গীর কবিরের সাথে তিনি এমনি প্রতারণা করে। এ সময়েও তিনি নিজের বিভিন্ন পরিচয় দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ ৫০ হাজার ৪০ টাকা আত্মসাৎ করেন।
ওই বছরের ১৫ জুন এস এম জাহাঙ্গীর কবির বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্ত শুরু করে সিআইডি।
খুলনা সিআইডির পরিদর্শক মোছা. মাহমুদা খাতুন জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।





































